ফতুল্লা থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় আরিফুল ইসলাম পলাশ ওরফে বিলাই চোক্ষা পলাশ (৩৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরের দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের নন্দলালপুর এলাকার নুর মোহাম্মদ লালুর ছেলে। এবং অস্ত্রবাজ হিসেবেখ্যাত নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লার ভাগিনা। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। স্থানীয় পর্যায়ে সে একজন ত্রাস হিসেবে পরিচিত।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ। তিনি বলেন, ‘অস্ত্র মামলায় উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আরিফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।’
তিনি আরো বলেন, ‘২০১২ সালের ১২ নভেম্বর আরিফুল ইসলাম পলাশ এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পরে র্যাব অভিযান চালিয়ে তার বাড়ি থেকে পলিথিনে মোড়ানো রিভলবার তৈরির খন্ডাংশ, রিভলবারের ছয় চেম্বার বিশিষ্ট লোহার অংশ, রিভলবারের কাঠের বাট দুই খন্ড, রিভলবারের ব্যারেলের অংশ, টিগার গার্ডসহ রিভলবারের লোহার অংশ, রিভলবার তৈরির বিভিন্ন সূত্রাংশ ১২টি এবং রিভলবারের পূর্ণাঙ্গ খন্ডাংশ উদ্ধার করে।’
আপনার মতামত লিখুন :