রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ‘ভোজ্যতেলের দাম বাড়ার পেছনের কারণ’ উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। যুদ্ধের প্রভাব তো পড়বেই।’
শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তেলের দাম প্রসঙ্গে দেশের মানুষকে আশ্বস্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ কষ্ট পাবে না। শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তিনি করোনা সংকটের সময়েও তার দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ‘আসল কথা হলো- মানুষ আনন্দ পেলে বিএনপি তাতে কষ্ট পায়। মানুষের শান্তিতে বিএনপির গায়ে জ্বালা হয়।’
মন্ত্রী বলেন, ‘এবার ঈদযাত্রায় মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পাইনি, ঘরমুখো মানুষের কান্না-ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারণে ঈদটাও ভাল কেটেছে। বাড়িতে অনেকদিন পড়ে গিয়েছি, বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল।’
তিনি আরো বলেন, ‘সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো, ঈদযাত্রাও স্বস্তিদায়ক হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়ের সবাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যথাযথ দায়িত্ব পালন করেছে।’
তিনি কলেন, ‘উত্তরবঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে নতুন প্ল্যান নিয়ে এগোচ্ছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। নলকা ব্রিজটা অনেক বড় সমস্যা ছিল। এটা নতুন করে করেছি। এ কারণে ঈদযাত্রায় ঝুঁকিও কম ছিল।’
লিংক রোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে ছয় লেনের রাস্তা হবে। ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আগামী বছরের মধ্যে আমরা কাজটা করছি। এ কাজ জনস্বার্থে। কাজেই সেনাবাহিনীসহ যাদেরই জায়গা আছে তাদের সঙ্গে আলোচনা করবো।’
প্রসঙ্গত, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি ৮ দশমিক ১০৫ কিলোমিটার। এর চুক্তিমূল্য ৩৬৪ কোটি ২৫ লক্ষ টাকা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ প্রকল্পের কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্রকল্পের ৪৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
আপনার মতামত লিখুন :