NarayanganjToday

শিরোনাম

কায়েতপাড়ায় কারচুপির অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন


কায়েতপাড়ায় কারচুপির অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাড. গোলজার হোসেন ভূঁইয়া। তিনি এই নির্বাচনে চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর ঘণ্টা দেড়েক পরই ইউনিয়নের নাওড়া এলাকা তিনি তার নিজ বাড়িতেই সংবাদ সম্মেলন করে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন।

গোলজার হোসেনের অভিযোগ, ইউপির ২৫টি ওয়ার্ডের মধ্যে ৯টিতেই পোলিং এজেন্ট দিতে পারেননি। আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহেদ আলী ও তার লোকজন গোলজারের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি। অন্য কেন্দ্রগুলোতেও তার এজেন্টদের হুমকি-ধামকি দেয়া হয়ছে। পরিস্থিতি বিবেচনায় তিনি ভোট বর্জন করেছেন।

উল্লেখ্য, গোলজার হোসেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এবং বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

গোলজার বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭টি কেন্দ্রের একটিতেও তার এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। গত তিনদিন ধরেই নৌকার প্রার্থীর লোকজন তার এজেন্টদের হুমকির মুখে রেখেছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে কায়েতপাড়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, কোনো প্রকার অভিযোগ তারা পাননি। স্বতন্ত্র প্রার্থী কোনো কেন্দ্রে এজেন্ট দিতে পারেননি কিংবা তার এজেন্টকে বের করে দেয়া হয়েছে এমন অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হতো। কিছু না জানিয়ে নির্বাচন বর্জন করলে সেটা প্রার্থীর ব্যক্তিগত ব্যাপার।

উপরে