NarayanganjToday

শিরোনাম

ধর্ষণের পর শিশু হত্যা অভিযোগে আটক ৩


ধর্ষণের পর শিশু হত্যা অভিযোগে আটক ৩

আড়াইহাজারে ৫ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বড় বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু লিজা আক্তার ওই গ্রামের রমজান আলীর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকাল ১০টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজ করার পর পুরিন্দা এলাকার নান্নু মিয়ার তালাবদ্ধ ঘরের খাটের নিচ থেকে শিশুটির হাত-পা বাঁধা মৃতদেহ পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়দের অভিযোগ ধর্ষণের পর শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) সালেহ আহমেদ জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা করেছে। তারা হলো, উপজেলার আশুয়াট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল (৩০), কচুয়া থানার রঘুনাথপুর গ্রামের আলী আশরাফের ছেলে সামাদ (৩৫) ও পলাশ থানার কবিরাজপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে শিমুল (৩২)।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, প্রথমে লাশ স্থানীয়রা উদ্ধার করে। তাদের ভাষ্যমতে, তারা মরদেহ খাটের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় পেয়েছে এবং সে সময় শিশুটির মুখে গামছা বাঁধা ছিল। হত্যার কারণ ও ধর্ষণ কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

উপরে