আড়াইহাজারে পাওনা টাকা চাওয়ায় চাল ব্যবসায়ী ইব্রাহিমকে অপহরণ ও আটকে রেখে মারধর করে আহত করার ১ দিন পর বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এর আগে বুধবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উপজেলা সদরের হাজী দাইয়ানের ৬ তলা ভবনের নিচ তলা থেকে হাত-পা বাধাঁ অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ইব্রাহিম উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামের আব্দুল খালেকের ছেলে সে পেশায় একজন চাল ব্যবসায়ী।
নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, গত মঙ্গলবার দুপুরে চাল কেনার জন্য বাড়ি থেকে নগদ ১ লাখ টাকা নিয়ে আড়াইহাজার বাজারে আসেন তার ভাই ইব্রাহিম। ওই সময় একই গ্রামের মোজ্জাম্মেলের ছেলে ব্যবসায়ী এনামূল ফোন দিয়ে ডেকে নেয়। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলায় মুখ ও হাত-পা বেঁধে ব্যাপক মারধর ও নির্যাতন ফেলে রাখা হয়।
তিনি বলেন, ইব্রাহিমকে খোঁজে না পেয়ে স্বজনরা আড়াইহাজার থানায় নিখোঁজের জিডি করেন। বুধবার সকালে কান্নার শব্দ পেয়ে ওই ভবনের লোকজন কান্নার উৎস খোঁজতে গিয়ে ইব্রাহিমকে হাত-পা বাঁধা মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
স্থানীয়রা জানান, এ অপহরণ এবং নির্যাতনের সাথে বাড়ির মালিক হাজী দাইয়ান ও জড়িত।
আড়াইহাজার থানার ওসি আনিছুর রহমান মোল্লা জানান, ইব্রাহিমকে উদ্ধার করার পর তার ভাই কাইয়ূম বাদী হয়ে এনামূল ও ফেরদৌস নামের দুই ব্যক্তির নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তিত করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :